বেনাপোল (যশোর) সংবাদদাতা
যশোরের বেনাপোল বাজার এলাকা থেকে কাগজপত্রবিহীন কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস ও কসমেটিকসসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ১টার দিকে বেনাপোল বাজারের দুর্গাপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান নিয়ে বেনাপোল বাজার অতিক্রম করছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে দুর্গাপুর মোড়ে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে ক্যাম্পে নেয়া হয়। এ সময় ট্রাকে থাকা চালক, হেলপার ও ইন্দ্রজিৎ নামে এক ব্যক্তির কাছে পণ্যের বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও কসমেটিকস জব্দ করা হয়।



