গ্লোবাল টাইমস
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার প্রেক্ষাপটে গুয়াংজু ও নয়াদিল্লি রুটে ফের সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে ‘চায়না সাউদার্ন এয়ারলাইন্স’। দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে আগামী ২১ সেপ্টেম্বর থেকে এই রুটে নিয়মিত বিমান চলাচল শুরু হবে। উড়োজাহাজ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে দক্ষিণ এশীয় অঞ্চলে তাদের আটটি রুটে সপ্তাহে ১০০টিরও বেশি যাতায়াতকারী ফ্লাইট পরিচালিত হবে।
চীনা গণমাধ্যম ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক মহামারী এবং ডোকলাম ও গালওয়ান সীমান্তে সামরিক উত্তেজনার পর দুই দেশের দ্বিপক্ষীয় সরাসরি আকাশ যোগাযোগ স্থগিত হয়ে যায়। তবে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে দু’দেশের বৈরী ভাব কেটে যাওয়ায় উড়োজাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ জোরদার করা হয়েছে। চলতি বছরের শুরুতে বরফ গলতে শুরু করার পর গত ফেব্রুয়ারিতে ভারতীয় সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ দুই দেশের মধ্যে প্রথম ফ্লাইট পুনঃসূচনা করে। পরবর্তীতে এপ্রিলে ‘এয়ার চায়না’ বেইজিং-দিল্লি সরাসরি সংযোগ তৈরি করে এবং ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্স’ কুনমিং-কলকাতা রুটে কার্যক্রম চালু করে। অন্য দিকে ভারতের বেসরকারি সংস্থা ‘ইন্ডিগো’ গত ৩০ মার্চ কলকাতা থেকে সাংহাই সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি গুয়াংজু ও দিল্লি রুটে তাদের আন্তর্জাতিক রুট সম্প্রসারণ করেছে।



