তিন জেলায় দুই ভাইসহ প্রাণ গেল চারজনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

রাজশাহীর পুটিয়া, নোয়াখালীর হাতিয়া এবং চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ মোট চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রাজশাহী ব্যুরো জানান, রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুইজন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নকুলবাড়িয়া ধোপাপাড়া গ্রামের বাসিন্দা হাসেন প্রামাণিক (৭০) ও ভাই আব্দুল খালেক প্রামাণিক (৬৫)। দুর্ঘটনার পর মো: লালন ও মো: লাল্টু নামে দু’জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালীতে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী অফিস জানান, নোয়াখালীর হাতিয়ায় বাসের ধাক্কায় মো: সোহেল মাহমুদ (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর-চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সোহেল মাহামুদ মেঘনা নদীর ভাঙনের কারণে পরিবার নিয়ে বর্তমানে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজের বাড়িতে বসবাস করতেন। বুধবার সকালে তিনি মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে চানন্দী ইউনিয়নের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মোটরসাইকেলটি হরণী ইউনিয়নের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছালে একটি সুবর্ণ বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে দুপুর সোয়া ১২ দিকে তার মৃত্যু হয়।

সাতকানিয়ায় গরু ব্যবসায়ী নিহত

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: বাবুল (৬৯) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দু’টি গরুও মারা যায় বলে জানা গেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে মহাসড়কের সাতকানিয়া মৌলভি দোকান এলাকার অদূরে এ ঘটনা ঘটে। নিহত বাবুল রামগতি সমবায় গ্রামের মুজাম্মেল হকের ছেলে ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো: সালাউদ্দিন চৌধুরী জানান, নিহত ব্যক্তি ওই দিন চন্দনাইশ বাগিচাহাট থেকে চারটি গরু কিনে হেঁটে সাতকানিয়া কেরানীহাট গরু বাজারে নিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামীবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত বাবুলকে চমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ সময় দু’টি গরুও মারা যায়।