নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, আমি শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তার রূহের মাগফিরাত করে তাকে বেহেশত নসিব করেন। তার এই অকাল শহীদী মৃত্যু আবারো মনে করিয়ে দিলো- রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।
তারেক রহমান বলেন, হাদি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন।
তিনি বলেন, আমি তার শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেফতার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের সবাইকে একসাথে কাজ করে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে বা আমাদের গণতান্ত্রিক আকাক্সক্ষাকে আঘাত না করে।
জামায়াতে ইসলামীর আমিরের শোক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেইজে শোকবার্তায় তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে অকুতোভয় সৈনিক, জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা স্নেহের শরিফ ওসমান হাদি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদতবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সে ইনসাফ ও ন্যায়ের পথে দৃঢ়তা, ত্যাগ ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তার এই শাহাদত পরিবার-পরিজন, সহকর্মী ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি- তিনি যেন তার প্রিয় এই গোলামকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করেন। আল্লাহ তায়ালা তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দেশবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।



