বীরের সংবর্ধনা পেলেন হলান্ডরা

Printed Edition
বীরের সংবর্ধনা পেলেন হলান্ডরা
বীরের সংবর্ধনা পেলেন হলান্ডরা

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছে আর্লিং হলান্ডের নরওয়ে। রাজধানী অসলোর রাস্তায় এক লাখেরও বেশি সমর্থক জড়ো হয়ে জাতীয় ফুটবল দলকে অভূতপূর্ব ভালোবাসায় বরণ করে নেন। খোলা ছাদের বাসে শোভাযাত্রা এবং রাজপ্রাসাদে বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকে দলের দেশে ফেরা।

গত শনিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নরওয়ে। সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও দলের ঐতিহাসিক সাফল্যকে উদ্থযাপন করতে কোনো কার্পণ্য করেননি সমর্থকরা।

সোমবার দুপুর থেকেই অসলোর রয়্যাল প্যালেস চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন। অনানুষ্ঠানিক হিসাব অনুযায়ী, সেখানে উপস্থিত সমর্থকের সংখ্যা এক লাখেরও বেশি ছিল। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর নরওয়ে দলের বিমানকে বিমানবন্দরে ঐতিহ্যবাহী জলকামানের অভিবাদন জানানো হয়। এরপর খোলা ছাদের বাসে রাজধানীজুড়ে বিজয় শোভাযাত্রা শুরু করে দলটি।

এর আগে খেলোয়াড়রা নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রাজপ্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন তারা। রয়্যাল গার্ডের সদস্যরা এ সময় আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন করেন।

তবে অনুষ্ঠানের শেষ পর্বে দেখা যায়নি দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ডকে। সতীর্থ সান্দের বের্গেকে নিয়ে নির্ধারিত বিমানে ওঠার জন্য আগেভাগেই অনুষ্ঠান ছাড়তে হয় তাকে। ফলে রাজপ্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে সমর্থকদের সাথে ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপনে অংশ নিতে পারেননি তিনি। ওই আয়োজনের নেতৃত্ব দেন যুবরাজ হাকন, যিনি ঢোল বাজিয়ে সমর্থকদের উজ্জীবিত করেন।

প্রধান কোচ স্টোলে সোলবাকেন জানান, যুক্তরাষ্ট্র থেকে ফেরার ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হওয়ায় হলান্ড ও বের্গেকে আগেই চলে যেতে হয়েছে। এরপর দলের বাকি সদস্যরা অসলো শহরজুড়ে খোলা বাসের শোভাযাত্রায় অংশ নিয়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন।