নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত পাঁচজন হলেন- মো: হাসান আলী, জিসান আহমেদ, মো: রইসুল ইসলাম মানিক, মো: ফারুক ইসলাম ও আশিক মোহাম্মদ। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী। আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। পরে তারা আইডিবি ভবনের সামনে পৌঁছালে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।



