আ’লীগের নৈরাজ্য বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভ

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য প্রতিহতের ডাক দিয়েছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও সাধারণ ছাত্র-জনতা। গতকাল মঙ্গলবার ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল, শোডাউন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

ঝালকাঠি প্রতিনিধি জানান, অনলাইন তৎপরতা ও নৈরাজ্য ঠেকাতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শহরে পৃথক বিক্ষোভ করেছে। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় তারা রাজপথে আছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি জানান, শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাটার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ববাজারে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে জেলা ও শহর জামায়াতের শীর্ষ নেতারা ফ্যাসিবাদের যেকোনো তৎপরতা রুখে দেয়ার আহ্বান জানান।

মাদারীপুর প্রতিনিধি জানান, নাশকতা ঠেকাতে চার প্লাটুন বিজিবি ও ৫ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামানের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলায় সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, অবস্থান কর্মসূচি পালন করেছে আমরা জুলাই যোদ্ধা। পৌরসভার সামনে জেলা আহ্বায়ক শাহীন হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে দেড় হাজার মানুষকে হত্যাকারী এই জঙ্গি সংগঠনের সাথে কোনো আপস নেই।

মেহেরপুর প্রতিনিধি জানান, জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে মিছিলটি ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। জনগণের অধিকার হরণের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দেন নেতারা।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, বিএনপি ও যুবদল বিক্ষোভ ও সমাবেশ করেছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। বক্তারা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রাজপথেই প্রতিহত করার আহ্বান জানান।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, উপজেলা ও পৌর যুবদলের যৌথ বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়কের সভাপতিত্বে কপোতাক্ষ মার্কেট চত্বরের সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, কাঁচপুরে মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাবেক সাংসদ মরহুম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সমর্থকরা এই মিছিল করে বলে জানা গেছে।

রানীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, উপজেলা যুবদল প্রতিবাদ মিছিল করেছে। ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কিরের নেতৃত্বে মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন।

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, বিশ্বরোড, গৌরীপুর ও ইলিয়টগঞ্জসহ পাঁচটি পয়েন্টে পৃথক মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এবং উত্তর জেলা আহ্বায়ক আক্তারুজ্জামানসহ নেতারা।