মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
এক অসহায় বিধবা বৃদ্ধার বসতবাড়ি উচ্ছেদের চেষ্টায় লিপ্ত হয়েছে মীর আক্তার হোসেন কোম্পানি লিমিটেড। এমন অভিযোগ করেছে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মসলন্দপুর হিন্দুপাড়া গ্রামের এক অসহায় পরিবার।
গতকাল শনিবার সকালে স্থানীয় মসলন্দপুর হিন্দুপাড়া নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মীর আক্তার হোসেন কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
সংবাদ সম্মেলনে ঐ অসহায় বৃদ্ধা সালেহা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন ৬০-৭০ বছর ধরে আমার স্বামী এই বাড়িতে বসবাস করেছে, আমি ছয় ছেলে ও দুই মেয়েকে নিয়ে এই বসতবাড়িতেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বাস করে আসছি। তিনি বলেন, সম্প্রতি সময়ে মীর আক্তার হোসেন কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে বারবার বাড়ি উচ্ছেদের জন্য হুমকি দেয়া হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে রাজমিস্ত্রি ইয়াসিন বিশ্বাস ও চা বিক্রেতা সাদিক বিশ্বাস বলেন আমরা এই বসতবাড়িতেই জন্মগ্রহণ করেছি, আমাদের বাবা নেই, মা অনেক কষ্ট করে আমাদেরকে এই বাড়িতেই বড় করেছেন, আমরা এখানে বসবাস করছি, গত কয়েক দিন হলো মীর আক্তার কোম্পানির সাথে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের বাড়িঘর ভেঙে দেয়ার পাঁয়তারা করছে, আমরা নিজেদের বসতবাড়ি রক্ষার জন্য আপনাদের আশ্রয় নিয়েছি, স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মো: বাদশা বিশ্বাস বলেন, সালেহা বেগম অত্যন্ত একজন নিরীহ মানুষ তার বসতভিটা উচ্ছেদ এর পাঁয়তারা অত্যন্ত দুঃখজনক।
এ ব্যাপারে স্থানীয় কামারখালী চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান বলেন, মীর আক্তার কোম্পানি অনেকটা অবৈধভাবেই এই দাবি করছে। তারা ঠিকাদার জায়গা যদি থাকে রেলের জায়গা থাকতে পারে। মীর আক্তার কোম্পানির এ ধরনের উদ্যোগ ঠিক না, মীর আক্তার হোসেন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুকুমার বিশ্বাসের সাথে কথা বললে তিনি জানান আমরা কোনো উচ্ছেদের হুমকি দেইনি, বিষয়টি সম্পূর্ণ রেল কোম্পানির ব্যাপার তারা যেভাবে বলবেন তাদের নির্দেশনায় আমরা কাজ করব।



