ময়মনসিংহ অফিস
সড়ক দুর্ঘটনার অন্যতম বড় কারণ চালকের অসতর্কতা বা তন্দ্রাচ্ছন্ন ভাব। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে চালক অজান্তে ঘুমিয়ে পড়লে ঘটে যায় বড় ধরনের বিপর্যয়। এই সমস্যা সমাধানে ‘স্মার্ট চশমা’ উদ্ভাবন করে চমক দেখিয়েছে ময়মনসিংহের একদল ক্ষুদে শিক্ষার্থী। তাদের তৈরি এই বিশেষ চশমা চালক ঘুমিয়ে পড়লে তাকে সতর্ক করবে, এমনকি না জাগলে স্বয়ংক্রিয়ভাবে গাড়িও থামিয়ে দেবে।
গৌরীপুর উপজেলার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি এই প্রযুক্তির নাম দেয়া হয়েছে ‘অ্যান্টি স্লিপ অ্যালার্ম সিস্টেম ফর ড্রাইভারস’। সম্প্রতি ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলায় প্রদর্শিত এই প্রকল্পটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
উদ্ভাবনী দলের প্রধান, দশম শ্রেণীর শিক্ষার্থী লাবীব আহসান নিরব জানায়, এই চশমায় একটি বিশেষ সেন্সর যুক্ত করা হয়েছে। কোনো চালক টানা ৩ সেকেন্ড চোখ বন্ধ রাখলে চশমাটিতে উচ্চ শব্দে অ্যালার্ম বাজতে শুরু করবে। এরপরও চালক চোখ না খুললে কয়েক সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ইঞ্জিন বা চাকা বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এতে। বিদ্যালয়ের ভৌতবিজ্ঞান বিভাগের শিক্ষকের কারিগরি সহায়তায় একদল সহপাঠী মিলে এই প্রজেক্টটি তৈরি করেছে। ক্ষুদে বিজ্ঞানীদের দাবি, মহাসড়কে রাতের বেলায় চালকেরা ক্লান্তির কারণে অনেক সময় নিয়ন্ত্রণ হারান। তাদের এই সাশ্রয়ী প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বিজ্ঞানমেলায় আসা দর্শনার্থীরা এই উদ্ভাবনটির প্রশংসা করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এমন উদ্ভাবন নিরাপদ সড়ক বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিরাপদ সড়ক ও জীবন রক্ষার হাতিয়ার হতে পারে এই প্রযুক্তি।



