জাতীয় স্বার্থে মুসলিম উম্মাহর ঐক্য অটুট রাখতে হবে : জাতীয় উলামা মুভমেন্ট

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় স্বার্থে মুসলিম উম্মাহর ঐক্য অটুট রেখে সমৃদ্ধ রাষ্ট্রগঠনে উলামায়ে কেরামকে কার্যকর জনবান্ধব কর্মসূচি পালন করার আহবান জানিয়েছেন শীর্ষ উলামায়ে কেরাম।

শনিবার রাতে রাজধানীর পুরানা পল্টনের আল্লামা শাহ আহমদ শফী রহ: মিলনায়তনে অরাজনৈতিক সেবামূলক সংগঠন জাতীয় উলামা মুভমেন্টের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাধারণ সভায় এ আহবান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমির মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান। সংগঠনের মহাসচিব মাওলানা এহতেশামুল হক সাখীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সংগঠন সচিব ও মাদানী নগর মাদরাসার প্রধান মুফতি শায়খুল হাদিস মুফতি বশিরুল্লাহ, জাতীয় ইমাম পরিষদের চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া। প্রধান আলোচক ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বক্তারা বলেন, দেশ এক ভয়াবহ ক্রান্তিলগ্নে উপস্থিত। বিবাদ-বিসংবাদ, কাদা ছুড়াছুড়ি পারস্পরিক অনৈক্য দেশকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দিচ্ছে। কওমি অঙ্গনে উলামায়ে কেরাম বিভক্ত। ক্ষুদ্র স্বার্থে এই বিভক্তি জাতীয় বৃহত্তর ক্ষতির অশনিসঙ্কেত হিসেবে দেখা দিয়েছে।

বক্তারা আরো বলেন, এসব ভুলে দেশ, জাতি ও উম্মাহর বৃহত্তর কল্যাণে আমাদের জাতীয় ঐক্য অটুট রেখে সমৃদ্ধ রাষ্ট্রগঠনের জন্য জনবান্ধব কর্মসূচি গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে।