নিজস্ব প্রতিবেদক
যাত্রীদের নানান সমস্যা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে চিঠি দেয়ার পরও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান তাদের সময় দিচ্ছেন না। এরপর সরাসরি দেখা করতে গেলে তিনি রুমে ঢোকার অনুমতিও দেননি।
গতকাল মঙ্গলবার এমন অভিযোগ করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিআরটিএর চেয়ারম্যান মহোদয়ের সাথে যাত্রীদের যেসব সমস্যা বিদ্যমান রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনার জন্য চিঠি দিয়েছি। কিন্তু আজও অনুমতি পাইনি। কবে নাগাদ চিঠি দিয়েছিলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিন মাসেরও কিছু বেশি সময় চিঠি দিয়েছিলাম। কিন্তু সাড়া মেলেনি। পরে কয়েকবার সরাসরি সাক্ষাৎ করার জন্য তার দফতরে গিয়েছি। সাক্ষাতের অনুমতি দেননি।
বিআরটিএর ওয়েবসাইট ঘেটে জানা গেছে, মীর আহমেদ তারিকুল ওমর নামের একজন অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) চলতি বছরের ৫ মার্চ যোগদান করে ৫ মে চেয়ারম্যানের পদ থেকে বিদায় নেন। এরপর ৬ মে দায়িত্ব পান মোহাম্মদ হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব)।
উল্লেখ্য, ডিজিটাল, টেকসই, নিরাপদ, সুশৃঙ্খল, পরিবেশবান্ধব আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এই দফতরের অন্যতম কাজ। কিন্তু বাস্তবে হচ্ছে তার উল্টো। এমনটি বলছেন সড়ক ও মহাসড়কের সাথে জড়িত বিভিন্ন পেশার লোকজন।



