নিজস্ব প্রতিবেদক
কবি ও সুরকার মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সঙ্গীত সন্ধ্যা ও স্মরণসভার আয়োজন করে জামায়াতে ইসলামী পল্টন থানার সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগ। গতকাল বাদ মাগরিব স্থানীয় একটি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পল্টন থানা সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের সভাপতি এখলাসুর রহমানের সভাপতিত্বে এবং ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পল্টন থানার আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।
অ্যাডভোকেট মারুফুল ইসলাম বলেন, কবি মতিউর রহমান মল্লিক ছিলেন সুস্থ সংস্কৃতির বাতিঘর। তিনি তার ক্ষুরধার লেখনী ও সুরের মাধ্যমে শোষিত ও বঞ্চিত মানুষের হৃদয়ে জাগরণের বার্তা পৌঁছে দিয়েছেন। অপসংস্কৃতির ভিড়ে সত্য ও সুন্দরের চর্চায় তার অবদান যুগ যুগ ধরে তৌহিদি জনতাকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও থানা নেতৃবৃন্দ। কবি মল্লিকের স্মৃতিচারণ করে বক্তারা তার কর্ম ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার স্বপ্নের সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কবি মতিউর রহমান মল্লিকের লেখা ও সুর করা জনপ্রিয় ইসলামী গান ও কবিতা পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা।


