মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চীনা মালিকানাধীন হার্ডওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গতকাল বুধবার সকাল ৮টার দিকে কারখানার সামনে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিক্ষোভে শ্রমিকরা সরকার নির্ধারিত গেজেট অনুযায়ী বেতন বাস্তবায়ন, বেতন বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে অপসারণের দাবিতে স্লোগান দেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে গেজেট অনুযায়ী বেতন দেয়া হচ্ছে না। পাশাপাশি কর্মপরিবেশ ও শ্রমিকবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিতের দাবিও উপেক্ষিত হচ্ছে। দাবি আদায়ে বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নেমেছেন বলে জানান।
অবরোধের কারণে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত যানবাহন ও অ্যাম্বুলেন্স দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম জানান, শ্রমিকদের সাথে আলোচনা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের অবরোধ কর্মসূচি চলছিল।



