রাজশাহী ব্যুরো
‘বৃক্ষরোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীর প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার নগরীর তালাইমারীস্থ মেট্রো প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিক প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং মানুষের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলোর ফাঁকা জায়গায় পরিকল্পিত বৃক্ষরোপণ এসব দফতরকে আরো নান্দনিক, সবুজ ও পরিবেশবান্ধব করে তুলবে।
কর্মসূচির আওতায় রাজশাহী জেলার প্রাণিসম্পদ দফতর ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রাণিসম্পদ দফতর রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আতাউর রহমান উপস্থিত ছিলেন।



