খুলনা ব্যুরো
স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এই অঞ্চলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘœভাবে অনুষ্ঠিত হবে। গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, এই অঞ্চলে কোনো ধরনের আশঙ্কা নেই। নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোট ও ফলাফল নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোট সাতদিন মাঠে থাকবে।
তিনি জানান, এবারের নির্বাচনে এক লাখ সেনাবাহিনী, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, নেভি সাড়ে তিন হাজার, এক লাখ ৫০ হাজার পুলিশ, ৩৭ হাজার বিজিবি, নয় হাজার র্যাব ও পাঁচ লক্ষাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ডগস্কোয়াড, ড্রোন থাকবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনার কোনো কিছুর অভাব নেই। পরিস্থিতি বিবেচনায় যেসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- সেখানে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা বলেন, সাংবাদিকরা যেন বরাবরের মতোই সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ করেন। মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ কখনো কখনো পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে পারে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, রেঞ্জডিআইজি রেজাউল হক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত
সাভার (ঢাকা) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শৃঙ্খলা বজায় রাখতে ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। গত মঙ্গলবার বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে ‘নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন’ শীর্ষক জাতীয় নির্বাচনের ভোটের মহড়া শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশিরভাগ নেতা ও কর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের গুটিকয়েক সমর্থক আছে। তিনি বলেন, বিদেশে বসে এ ধরনের প্রচারণায় জনগণের সায় মিলবে না।



