লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

Printed Edition

লক্ষ্মীপুর প্রতিনিধি

নতুন কোনো কর আরোপ না করেই লক্ষ্মীপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক সম্রাট খীসা আনুষ্ঠানিকভাবে এই বাজেট পেশ করেন।

ঘোষিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। আয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৩ কোটি ৩০ হাজার টাকা। নতুন অর্থবছরের এই বাজেটে উদ্বৃত্ত থাকবে তিন কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা।

বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, এই বাজেট লক্ষ্মীপুর পৌর এলাকার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধির একটি কার্যকর রূপরেখা। নতুন বাজেটে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতাকার্যক্রম এবং জনস্বাস্থ্য সেবাকে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে। সরকারি প্রকল্প ও বরাদ্দ বৃদ্ধি পেলে আগামীতে আরো কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: আলতাব হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন।