বর্ণিল আয়োজনে যবিপ্রবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী

Printed Edition
বেলুন উড়িয়ে যবিপ্রবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ভিসিসহ অতিথিরা :  নয়া দিগন্ত
বেলুন উড়িয়ে যবিপ্রবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ভিসিসহ অতিথিরা : নয়া দিগন্ত

যবিপ্রবি প্রতিনিধি

বর্ণিল পথ আল্পনা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা, পিঠা উৎসব, বিভিন্ন বিভাগীয় পিঠা স্টল ও আলপনা পরিদর্শন, পোস্টার প্রেজেন্টেশন, জুলাই কর্নার উদ্বোধন, দেশীয় লোকসঙ্গীত পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত ব্যান্ড দলের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে ভিসি অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ জাতীয় পতাকা এবং রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভসূচনা করেন। এরপর সকাল ১০.৩০ মিনিটে প্রধান ফটক থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, বেলুন উড়ানো ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি।

এরপর যবিপ্রবি ভিসি ড. মো: আব্দুল মজিদ এবং ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরসহ উপস্থিত অতিথিরা জুলাই কর্নার উদ্বোধন করেন। পরে অতিথিদের নিয়ে যবিপ্রবি ভিসি বিভিন্ন বিভাগের পিঠা উৎসবের স্টল, পথ আল্পনাসমূহ ও পোস্টার প্রেজেন্টেশন পরিদর্শন করেন। স্টলগুলোতে নানা ধরন, বাহারি আকৃতি ও ঋতু বৈচিত্র্য অনুযায়ী সুস্বাদু পিঠার পসরা দেখে সবাই চমৎকৃত হন।

২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিসি অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ বলেন, এ বিশ্ববিদ্যালয়ের আকার ও বয়স অল্প হলেও এ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শিক্ষা ও গবেষণায় দেশের অনেক প্রবীণ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে বিশ্ব র‌্যাংকিংয়ে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিপ্রবির প্রোভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, অধ্যাপক ড. মো: ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. মোছা: আফরোজা খাতুন, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো: কোরবান আলী, ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নূর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দফতর প্রধানরা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের সহকারী পরিচালক মো: শাহনূর রহমান। বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

উচ্চ শিক্ষার মাধ্যমে আধুনিক জ্ঞান চর্চা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী মৌজায় ৩৫ একর জায়গাজুড়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের অধীনে ২৭টি বিভাগে প্রায় চার হাজার ২৩১ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।