ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ আরেকটি ‘এল ক্লাসিকো’। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ফুটবলের দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে শিরোপা মঞ্চে পা রাখে হ্যান্সি ফ্লিকের দল। অপর দিকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় জাবি আলোনসোর দল। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।
সুপার কাপের সেমিফাইনালে অসাধারণ ছিল বার্সেলোনা। পুরো ম্যাচে ৮০ শতাংশ বল পজিশনে রেখে দু’বার জালের দেখা পান রাফিনহা আর একটি করে গোল করেন ফার্মিন লোপেজ, ফেরান টরেস ও রুনি বার্ডঘজি। ১৬তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জয়ের জন্য মাঠে নামবে কাতালান দলটি। রিয়াল মাদ্রিদকে গত আসরের ফাইনালে ৫-২ গোলে হারিয়ে সবশেষ শিরোপা উঁচিয়ে ধরেছিল লেভানোদোভস্কি-ইয়ামালরা। সেই ধারা ধরে রাখতে বদ্ধ পরিকর হ্যান্সি ফ্লি¬কের দল।
তবে দুই দলের সবশেষ মোকাবেলায় গত অক্টোবরের শেষের দিকে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছিল লা লিগা চ্যাম্পিয়নরা। এর পর থেকে ফ্লিকের দল আর কোনো ঘরোয়া ম্যাচ হারেনি। ইতিহাসে ২৬৩তম বারের মতো মুখোমুখি হবে এই দুই জায়ান্ট।
বার্সেলোনার বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে রিয়াল মাদ্রিদ। যদিও দুই দলের শেষ ৯টি ম্যাচের পাঁচটিতেই জয় নিয়ে এগিয়ে লস ব্লাঙ্কোসরা। গত বৃহস্পতিবার অ্যাথলেটিকোর বিপক্ষে ফেদেরিকো ভালভার্দে ও রদ্রিগোর গোলে জয় পেলেও আলেকজান্ডার সরলথ একটি গোল শোধ করলে অস্বস্তিতেই কাটাতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। এখন পর্যন্ত ১৩বার সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। আর সবশেষ এই শিরোপা জয় করেছিল ২০২৪ সালে বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে হারিয়ে।



