নিজস্ব প্রতিবেদক
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা মহিলা শাখার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী বলেন, তা’মীরুল মিল্লাত কেবল গতানুগতিক শিক্ষার প্রসার ঘটায় না; বরং সমাজ সংস্কারের জন্য একদল যোগ্য ও আদর্শ নাগরিক তৈরি করে। আলিম পরীক্ষা তোমাদের উচ্চশিক্ষার ও জীবনের একটি টার্নিং পয়েন্ট। আমি বিশ্বাস করি, তোমরা শুধু পরীক্ষায় সফল হবে না; বরং তোমাদের মেধা ও সততা দিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা রাখবে।
প্রধান বক্তা মহিলা নেত্রী আয়েশা বেগম বলেন, একটি আদর্শ ও উন্নত জাতি গঠনে শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন নারীদের ভূমিকা অনস্বীকার্য। আজকের ছাত্রীরাই আগামী দিনের সমাজ ও পরিবারের মূল কাণ্ডারি। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ থেকে কুসংস্কার ও অন্ধকার দূর করতে হবে। দেশ ও ইসলামের কল্যাণে নিজেদের উৎসর্গ করার মানসিকতা এখন থেকেই ধারণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু নেত্রী সাবিকুন্নাহার বলেন, মেধাবী ও যোগ্য নারীদের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেয়ার জন্য এগিয়ে আসতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
বিশিষ্ট বক্তা ও স্কলার আলী হাসান ওসামা বলেন, পরীক্ষা কেবল খাতার পাতায় কিছু লেখার নাম নয়, এটি তোমাদের ধৈর্য ও অধ্যবসায়েরও পরীক্ষা। তোমরা দ্বীনি শিক্ষার যে আলো এখান থেকে অর্জন করেছো, তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ওপর ভরসা রেখে সততার সাথে এগিয়ে গেলে সাফল্য আসবেই।



