আলজাজিরা
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির মার্কিন সতর্কবার্তাকে একটি দীর্ঘ দিনের ‘অজুহাত’ হিসেবে আখ্যায়িত করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হোসেন রইভারান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরান কখনোই পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করেনি।
অধ্যাপক রইভারান জানান, পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে ইরানে একটি সুনির্দিষ্ট ধর্মীয় ফতোয়া রয়েছে। ইরান চাইলে দ্রুতই এই অস্ত্র তৈরি করতে পারত; কিন্তু এ বিষয়ে দেশটির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেই। তিনি অভিযোগ করেন, গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি এবং বেসামরিক বিভিন্ন স্থাপনায় সামরিক হামলার বৈধতা দিতে এই ইস্যুটিকে ব্যবহার করে আসছে।
ওমানের মধ্যস্থতায় জেনেভায় হওয়া পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের চাপকে দায়ী করেন এই বিশ্লেষক। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প নতুন করে কোনো বিপজ্জনক পদক্ষেপ নিলে ইরানও বসে থাকবে না; মার্কিন নৌযান লক্ষ্য করে পাল্টা জবাব দেয়ার পূর্ণ সক্ষমতা তেহরানের রয়েছে।



