লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী সামাজিক উৎসব চাকমা সম্প্রদায়ের বিজু উপলক্ষে লংগদু উপজেলায় নদীতে ফুল ভাসিয়ে উৎসব উদযাপন শুরু হয়েছে। গতকাল রোববার সকালে নদীর পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছরের গ্লানি, দুঃখ-বেদনা ও অশুভ শক্তিকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেন স্থানীয়রা।
বিজু চাকমা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা বাংলা বছরের শেষ দিনগুলোতে উদযাপিত হয়। এ উৎসবের মাধ্যমে তারা অতীতের সব কষ্ট ভুলে নতুন বছরকে সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় স্বাগত জানায়। এর অংশ হিসেবে ফুল বিজুর দিনে নদী বা হ্রদের পানিতে ফুল ভাসানো একটি গুরুত্বপূর্ণ আচার।
লংগদু উপজেলার মানিক জোর ছড়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত ফুল গজানো অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি প্রতুল বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।
বিশেষ অতিথি ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যা আরতি তালুকদার চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সুমন চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটু চাকমা।



