রেকর্ড গড়ে ফাইনালে বার্সেলোনা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত পরশু অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে বড় বার্তা দিলো হ্যান্সি ফিকের শিষ্যরা। প্রথমার্ধেই চার গোল করে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছে বার্সা। এ ছাড়া স্প্যানিশ সুপার কাপে এক ম্যাচে সর্বোচ্চ ব্যবধানের জয়ও এটি।

দাপুটে এই জয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কাতালানরা। আক্রমণভাগের গতি, নিখুঁত পজিশনাল ফুটবল ও ধারাবাহিক প্রেসিংয়ে পুরো ম্যাচজুড়েই বিলবাওকে কোণঠাসা করে রাখে বার্সেলোনা।

ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন লোপেজ। প্রথমার্ধেই আরো দুই গোল করে কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে বার্সা। তৃতীয় গোলটি আসে সুইডেনের কুয়তি বংশোদ্ভূত তরুণ রাইট উইঙ্গার রুনি বার্ডঘজির পা থেকে। ৩৮ মিনিটে রাফিনিয়া গোল করে প্রথমার্ধ শেষ করেন ৪-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি বার্সেলোনা। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের পঞ্চম গোলটি নিশ্চিত করেন রাফিনিয়া। ম্যাচে বার্সার পাঁচ গোলের নেপথ্যে ছিল সমন্বিত দলীয় পারফরম্যান্স। ফেরমিন লোপেজ একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন, রাফিনিয়া দুই গোল ও একটি অ্যাসিস্টে ম্যাচ জয়ে ভূমিকা রাখেন। আর রুনি বার্ডঘজি একটি গোল ও দু’টি অ্যাসিস্ট করেন।

এই জয়ের মাধ্যমে সুপার কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বার্সেলোনা। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপ হবে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচের জয়ী দল। বিশেষ করে রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠলে ফুটবলপ্রেমীরা পেতে পারেন আরো একটি এল কাসিকোর স্বাদ।