আদালত প্রতিবেদক
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার লাশ কবর থেকে উত্তোলনের ইতোপূর্বের আদেশ বাতিল করেছেন আদালত।
গতকাল সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালতে মামলার বাদি মোহাম্মদ আলমগীর কুমকুম লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
বাদিপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন, ৩০ বছর পর লাশ উত্তোলন করে নতুন কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা নেই। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং শাহজালাল (রহ:)-এর মাজার এলাকায় অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় আমরা আবেদন করেছি, আদালত তা গ্রহণ করেছেন।’
আবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহর লাশ শাহজালাল (রহ:)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। দীর্ঘ সময় পর কবর থেকে লাশ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং জনমনে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা তৈরি করতে পারে। এ বিষয়ে বাদি মোহাম্মদ আলমগীর কুমকুম ও সালমান শাহর মা নীলা চৌধুরীরও আপত্তি রয়েছে।
এর আগে, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: জিয়াউল মোর্শেদ লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ মে আদালত লাশ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।



