মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহের অনিয়ম ও নয়ছয় ঢাকতে সরকারি ওষুধ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত স্টোরকিপার তৌকির চৌধুরীর বিরুদ্ধে। অভিযুক্ত তদন্ত কমিটির কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূরুল হুদা।
রোগীদের অভিযোগ, হাসপাতালে সরকার বরাদ্দকৃত প্রয়োজনীয় ওষুধ দীর্ঘ দিন ধরে রোগীদের সঠিকভাবে না দিয়ে বাইরে বিক্রি করে দেয়া হচ্ছিল। এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হলে গত ১২ আগস্ট অনিয়মের প্রমাণ লুকাতে স্টোরকিপার তৌকির চৌধুরী হাসপাতালের ওষুধ আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। পরবর্তীতে ওষুধ পোড়ানোর একটি ভিডিও গণমাধ্যমকর্মীদের হাতে এলে বিষয়টি জনসমক্ষে আসে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা তদন্তে ওই দিনই আবাসিক মেডিক্যাল অফিসারকে (আরএমও) প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূরুল হুদা খান জানান, কাউকে না জানিয়ে নিজের ইচ্ছামতো সরকারি ওষুধ পোড়ানো বড় ধরনের অপরাধ। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, তৌকির চৌধুরী ২০১৫ সালে যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্পের টিএলসিএ পদে কর্মরত থাকার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপারের দায়িত্ব পালন করে আসছেন।



