নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত বাইকে ইটের আঘাতে আহত যুবক সাজিদ চৌধুরী রাফি (২১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হওয়ার পর থেকেই ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
গতকাল কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
চাচা মো: নুর হোসেন চৌধুরী জানান, ঘটনার দিন রাফিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন ১০ জুন তাকে ঢামেকের আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর সে মারা গেছে।
গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে পৌঁছালে শত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করে দুষ্কৃতকারীরা। এতে তিনি মাথায় গুরুতর জখম হয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় চাচা নুর হোসেন বাদি হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার মামলা করেন। সেই মামলায় মো: পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো: ফয়সাল ওরফে কালু নামে তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আসামি কালু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ব্যবসা নিয়ে রাফির সাথে তাদের বিরোধ চলছিল। কয়েকদিন আগে এ নিয়ে কথাকাটাকাটি হয়। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় ওই রাস্তায় কালু, পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা আটকাতে যায়। এতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে। এতে রাফি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।



