অভয়নগর (যশোর) সংবাদদাতা
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, অভয়নগরকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করছেন। সোমবার সন্ধ্যায় নওয়াপাড়ার এলবি টাওয়ারের রুফটপ গার্ডেনে নওয়াপাড়া ও অভয়নগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিগত ছয় মাসের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গোলাম রসুল জানান, গত ছয় মাসে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং বিশেষ করে ভবদহ অঞ্চলের দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা ও রাজাপুর খাল সংস্কারে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোর মানোন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
তিনি গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান। সভায় নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানসহ স্থানীয় সাংবাদিক নেতারা এবং জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



