ফিলিপাইনের সাবেক একজন জেনারেল গ্রেফতার

Printed Edition

এএফপি

ফিলিপাইনের বিমান বাহিনীর সাবেক একজন জেনারেলকে গ্রেফতার করা হয়েছে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে সামরিক বাহিনীকে অবস্থান নেয়ার আহ্বান জানানোর অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। সোমবার ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া সাবেক জেনারেলের নাম রোমিও পোকুইজ। সম্প্রতি দুর্নীতিকাণ্ডকে কেন্দ্র করে তিনি প্রকাশ্যে সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্ট মার্কোসের প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনভিক রেমুলা এএফপিকে জানান, থাইল্যান্ডে ছুটি কাটিয়ে ফেরার পর ফিলিপাইন জাতীয় পুলিশ তাকে আটক করে। তিনি বলেন, ‘সাম্প্রতিক এক বক্তব্যের প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে ব্যাংকক থেকে পৌঁছানোর পরই তাকে আটক করা হয়।’

এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশপ্রধান হোসে নারতাতেজ জানান, গত ৫ ডিসেম্বর জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পোকুইজকে আটক করা হয়েছে। ৬৭ বছর বয়সী এই সাবেক জেনারেল নিজেও ফেসবুক পোস্টে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।