ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-১ আসনে (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্থগিত হওয়া সাদ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত রোববার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ যাচাই-বাছাই কার্যক্রমের দ্বিতীয় দফা শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে দুপুরে ওই আসনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১৫ জনের মধ্যে সাত জনের মনোনয়ন বাতিল এবং আটজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে স্থগিত হওয়া আট প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হলো। ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. ইলিয়াস হোসেন মোল্লা, বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এনডিএফের শাহ্ মো: আবু জাফর, স্বতন্ত্র মো: আবুল বাশার খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি শরাফত হুসাইন, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ নাছির।
এ আসনে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া প্রার্থীরা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মো: হাসিবুর রহমান অপু, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনু, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো: শাহাবুদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী ডা: মো: গোলাম কবীর মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুর রহমান জিকো, স্বতন্ত্র প্রার্থী লায়লা আরজুমান বানু এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃন্ময় কান্তি দাস । জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, ফরিদপুর-১ আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত এবং আটজনের বাতিল করা হয়।



