ক্রীড়া প্রতিবেদক
- আবাহনী ২-২ পিডব্লিউডি
- রহমতগঞ্জ ৩-২ ব্রাদার্স
বড় দলকে রুখে দেয়াটা নতুন কিছু নয় পিডব্লিউডির। এবারের লিগে এ অফিস ক্লাবের শুরুটা হয়েছিল বসুন্ধরা কিংসকে ২-২ এ আটকে দিয়ে। গতকাল তারা জিততে দেয়নি আরেক জায়ান্টা ঢাকা আবাহনীকে। কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ ম্যাচে তারা ২-২ এ ড্র করতে বাধ্য করেছে আকাশী-নীল শিবিরকে। ম্যাচে প্রথমে লিড নিয়েছিল আনোয়ার হোসেনের দল। এরপর আবাহনী ২-১ এ এগিয়ে গেলেও ইনজুরি টাইমের একেবারেই শেষ সময়ে কপাল পোড়ে আবাহনীর। তাদের খেলোয়াড় সমর্থকদের হতাশায় ডুবিয়ে উল্লাসে মাতে মিনহাজুল করিম স্বাধীন এবং আবু সাঈদরা। ৯৬ মিনিটের গোলে স্কোর ২-২ করে তারা। কাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লিগের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। ৭ খেলা শেষে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে রহমতগঞ্জ। পিডব্লিউডি ৭ খেলায় ৭ পয়েন্ট। ৯ পয়েন্ট নিয়ে আবাহনী আছে চার নাম্বারে। আর ব্রাদার্স ৭ এ অবস্থান করছে। তাদেরও পয়েন্ট ৭।
আর্জেন্টিনা লিগে খেলা মিনহাজুল করিম স্বাধীনের গোলে ১০ মিনিটে এগিয়ে যায় পিডব্লিউডি। এ স্কোর লাইনে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মারুফুল হকের দল। ৫৩ মিনিটে স্ট্রাইকার আল আমিনের গোলে তাদের সমতায় ফেরা। এরপর ৭৪ মিনিটে শেখ মোরসালিনের গোলে লিড রেকর্ড ৬ বারের পেশাদার লিগ চ্যাম্পিয়নদের। তবে এবারের এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে বাদ পড়া আবাহনীর জন্য শেষটা সুখকর হয়নি। ৯৬ মিনিটে আবু সাঈদের গোলে ড্র করে মাঠ ছাড়ে গত মৌসুমে প্রিমিয়ারে আসা দলটি। পিডব্লিউডি এর আগে বাংলাদেশ পুলিশের সাথে গোলশূন্য এবং ব্রাদার্স ইউনিয়নের সাথে গোলশূন্যতে ড্র করেছিল। যদিও তাদের বাজে হার ছিল মোহামেডানের কাছে (৪-০)।
আবাহনীর এ হতাশার দিনে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। মুন্সীগঞ্জের মাঠে হওয়া ৫ গোলের সবক’টিই বিদেশীদের। এতে রহমতগঞ্জ শেষ ৭ মিনিটের ঝড়ে উড়িয়ে দেয় গোপীবাগের দলটিকে। ১৫ মিনিটে ব্রাজিলের মার্কোস সিলভা ও ৭৫ মিনিটে আইভোরিকোস্টের চার্লস দিদিয়েরের গোলে ২-০তে এগিয়ে যায় ব্রাদার্স। এতে তারা জয়টা নিশ্চিতই ভেবেছিল; কিন্তু ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গাম্বিয়ার সলোমন কিং ব্যবধান কমানোর পরপরই জ্বলে ওঠা পুরান ঢাকার দলটির। ৮৮ মিনিটে সলোমন কিং ফের গোল করেন। এরপর ৯০ মিনিটে ঘানার ক্লেমন্ত আডু জয় এনে দেন কামাল বাবুর দলকে।



