শ্রীনগরে সরকারি রাস্তার কাজে বাধা

Printed Edition

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের শ্রীনগরে এলজিইডির আওতাধীন একটি সরকারি রাস্তার উন্নয়নকাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় এক্সকাভেটর (ভেকু) চালককে মারধর করে কাজ বন্ধ করে দেয়া হয়। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের সালেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালেপুর সাগির মার্কেট থেকে সালেপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় ৬০০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণকাজ শুরু হয়। কয়েক দিন আগে মাটির কাজ শুরু হলে পাশের জমির মালিক, বীরতারা গ্রামের জয়নাল শেখের ছেলে ও প্রবাসী সুমন তার স্বজনদের নিয়ে সড়কের মাঝখানে সিমেন্টের খুঁটি পুঁতে কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, এ কাজে তাকে সহযোগিতা করেন তার ভগ্নিপতি ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেনসহ আরো কয়েকজন।

মঙ্গলবার এক্সকাভেটর দিয়ে কাজ চলাকালে সুমন প্রায় ২০-২৫ জন লোক নিয়ে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করতে বলেন। এ সময় বীরতারা গ্রামের নাজির হোসেনের ছেলে রাসেল (২৮) ভেকু চালক শামীম হোসেনকে (৪০) মারধর করেন। পরে তারা কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোজাফফর হোসেন জানান, নির্ধারিত নকশা অনুযায়ী কাজ চলছিল। কিন্তু ভেকু চালককে মারধর করে কাজ বন্ধ করে দেয়ার পাশাপাশি ভয়ভীতি দেখানো হচ্ছে।

ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।