আলজাজিরা
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এ অংশ নিয়ে তার দেশের পক্ষ থেকে বৈশ্বিক জলবায়ু লক্ষ্য পূরণে পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসার এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গত বৃহস্পতিবার ব্রাজিলের প্যারা রাজ্যের বেলেম শহরে অনুষ্ঠিত এই সম্মেলনে আল-শারা বলেন, ‘আমরা জাতিসঙ্ঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের সাথে সম্পূর্ণভাবে একমত এবং আমাদের জনগণের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আমাজন রেইনফরেস্টকে ‘মানবজাতি ও প্রকৃতির গভীর সম্পর্কের প্রতীক’ হিসেবে উল্লেখ করেন এবং পরিবেশ রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান জানান। সিরিয়া সাম্প্রতিক বছরগুলোতে জটিল পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে- যার মধ্যে রয়েছে খরা, জলবায়ু পরিবর্তনজনিত কৃষি সঙ্কট এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি। আল-শারা তার ভাষণে বলেন, ‘এই সঙ্কটগুলো আমাদের জনগণ ও সম্পদের ওপর গভীর প্রভাব ফেলেছে, তাই আমরা এখন পরিবেশগত পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা চাই।’
তিনি সিরিয়ায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক অংশীদারদের আহ্বান জানান, বিশেষ করে সৌর ও বায়ু শক্তি খাতে। সিরিয়ার এই অবস্থানকে অনেকেই দেশটির আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর একটি কূটনৈতিক পুনরুদ্ধারের অংশ হিসেবে দেখছেন। আল-শারার এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন।



