নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত সোমবার দুপুরে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজ কক্ষের খাটের ওপর বসে এক ব্যক্তির কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল গুনে গুনে নিচ্ছেন ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেন। টাকা হাতে নিয়ে ঘুষদাতাকে আশ্বাস দিয়ে তিনি বলছেন, এক মাসের মধ্যেই কাজ শেষ করে দেয়া হবে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ডাঙ্গী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে নগরকান্দা ইউএনও রেজওয়ানা আফ্রিন বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, মাত্র দু’দিন আগে জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান হোসেনের ঘুষ নেয়ার অনুরূপ ভিডিও ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনাটি ভাইরাল হওয়ার পর গত ২৬ জুলাই ইমরান হোসেনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।



