জার্মানিতে ১৮টি ম্যাচ খেলবে হকি দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সেপ্টেম্বরের ১৮ তারিখে থেকে শুরু হচ্ছে এবারের এশিয়ান গেমস। জাপানের নাগোয়া ও আইচিতে হবে এই গেমস। এই এশিয়ান গেমসে সেরা ছয়ে থাকার জন্যই জাপান যাচ্ছে বাংলাদেশ পুরুষ হকি দল। গ্রুপে তাদের প্রতিপক্ষ জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া ও হংকং। ইন্দোনেশিয়া এবং হংকংয়ের বিপক্ষে জয়ের আশা করা যায়। তবে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াকে হারানোটা বেশ কঠিন। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স অবশ্য গ্রুপে তৃতীয় হয়ে পুরো আসরে ষষ্ঠ হওয়ার টার্গেট নির্ধারণ করেছেন। এশিয়াডে ষষ্ঠ হলে আগামী চার বছর বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ মিলবে। তাই বাংলাদেশ হকি দলকে জার্মানি পাঠানো হচ্ছে, সেখানে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। প্রিন্স জানান, আমরা জার্মানিতে ১৬ থেকে ১৮টি ম্যাচ খেলতে যাচ্ছি, জার্মানির বিভিন্ন ক্লাবের বিপক্ষে। যা আমাদের এশিয়ান গেমসের প্রস্তুতিকে আরো ভালো করবে। তা ছাড়া আমাদের প্রতিপক্ষরা ক’দিন পরেই বেলজিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবে। তাই আমাদেরও ভালো প্রস্তুতি দরকার।

এই মাসের তৃতীয় সপ্তাহে জার্মানি যাচ্ছে হকি দল। এই সফরের জন্য ৫০ লাখ টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাকি অর্থ স্পন্সরের মাধ্যমে জোগাড় করার চেষ্টা চলছে, জানান প্রিন্স। মোহামেডানের এই হকি কর্মকর্তার মতে, জার্মানিতে খেললে আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা যেমন বাড়বে, তেমনি এই ম্যাচগুলোতে ভালো করলে আমাগীতে জার্মান লিগের খেলার সুযোগ আসবে। যেভাবে অতীতে ২২/২৩ জন খেলোয়াড় ইউরোপে খেলার সুযোগ পেয়েছিল।

হকি দল এবারের এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের আশা করছে। কারন দলটির বর্তমান অবস্থা ভালো নয়। কোরিয়ানদের হারাতে পেনাল্টি কর্নারকেই বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় বাংলাদেশ । প্রিন্স জানান, আমাদের দলে এখন চারজন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট।