ক্রীড়া প্রতিবেদক
অভিষিক্ত নোয়াখালী এক্সপ্রেস প্রথম দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে। এমন অবস্থা থেকে দলটি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ মাহিদুল ইসলাম অঙ্কনের। সিলেট টাইটান্সের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও এক উইকেটে হার তাদের। আগে ব্যাটিং করে সাত উইকেটে ১৪৩ রান করে দলটি। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে জিতে সিলেট। এর আগের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৬৫ রানের বড় ব্যবধানে হারে নোয়াখালী। চট্টগ্রাম ছয় উইকেটে করেছিল ১৭৪ রান। জবাবে ১৬.৫ ওভারে ১০৯ রানে অল আউট হয় নোয়াখালী।
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অঙ্কনের, ‘এখানকার কন্ডিশনে প্রথম ৩-৪ ওভার চ্যালেঞ্জিং। বল অনেক ভালো মুভ করে। সবাই হয়তো সেভাবে মানিয়ে নিতে পারেনি। নতুন ব্যাটারের জন্য খেলা কঠিন ছিল। কিছুটা দুর্ভাগ্য যে ম্যাচটা জিততে পারিনি। আশা করি নোয়াখালী ভালোভাবে কামব্যাক করবে। ’
নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করায় পেনাল্টি হিসেবে শেষদিকে বৃত্তের ভেতরে নিয়ে আসতে হয় একজন ফিল্ডারকে। এটাই নোয়াখালীর বোলারদের কাজটা কঠিন করে তোলে বলে জানান অঙ্কন। ‘আমরা ওভাররেটে পিছিয়ে ছিলাম, যে কারণে বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হয়েছে। বোলারের জন্যও কঠিন ছিল, শিশির ছিল, তবে বিশ্বাস ছিল জিতব কিন্তু হয়নি।’



