বগুড়া অফিস
বগুড়ায় ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অপহৃত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের পুরান বগুড়া এলাকার শেরেবাংলা নগরের একটি দোতলা বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো: বাদশা মিয়ার ছেলে মো: সজীব আহম্মেদ (৩২), জেলার শিবগঞ্জের কামতারা পশ্চিমপাড়া এলাকার মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে মো: লজিম প্রামাণিক (৪০) এবং মালগ্রাম উত্তরপাড়া এলাকার মো: মামুন শেখের ছেলে মো: সোহান শেখ (১৮)।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, গত বুধবার রাতে সিএনজি অটোচালক রফিকুল ইসলামকে (৪৩) একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে শহরের পুরান বগুড়ার একটি বাসায় আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে রফিকুলকে বিবস্ত্র করা হয় এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এরপর রফিকুলের স্ত্রী হাজেরা বেগমের ফোনে কল দিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় অপহরণকারীরা। রফিকুলকে আদালতের মাধ্যমে চালান করে দেয়ার ভয় দেখিয়ে ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বজনেরা টাকা দিতে না চাইলে ফোনে রফিকুলের কান্নাকাটি ও চিৎকার শোনানো হয়। নিরুপায় হয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ডিবি অফিসে উপস্থিত হয়ে মৌখিকভাবে বিষয়টি জানান চালকের স্ত্রী হাজেরা বেগম।
অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে পলাতক আসামি মেহেদী হাসান শিহাবের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা। ঘটনাস্থল থেকে ভুক্তভোগী রফিকুল ইসলামকে জখম অবস্থায় উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ছাড়াও গ্রেফতার আসামিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ছিনতাইকৃত ও আদায়কৃত নগদ দুই হাজার টাকা উদ্ধার করে পুলিশ।


