পাংশায় চাঁদা নিতে গিয়ে সম্রাট বাহিনীর প্রধান গণপিটুনিতে নিহত

Printed Edition

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশার কলিমহরে চাঁদাবাজি করার সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট (৪২) নিহত হয়েছেন। এ সময় দু’টি অস্ত্রসহ তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনিতে সম্রাটের মৃত্যু হয়। তার নামে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। এ সময় সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। সম্রাটের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, সম্রাট হোসেনডাঙ্গার অক্ষয় মণ্ডলের ছেলে। তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে আশপাশে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর কিছু দিন আগে নিজ এলাকায় ফিরে এসে একটি বাড়িতে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। বুধবার রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে চাঁদার টাকা আনতে যান। এ সময় ওই বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়ে বসাকুষ্টিয়া এলাকার সেলিম নামের এক সন্ত্রাসী।