খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ

Printed Edition

বরিশাল ব্যুরো

‘আমরা চাই কী, শিক্ষা শান্তি- আমরা কারা, শান্তির পায়রা’ স্লোগান নিয়ে বরিশালে আনন্দঘন পরিবেশে জেলা খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরীর ঐতিহাসিক অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি তার বক্তব্যে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সিটি প্রশাসক বলেন, আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। খেলাঘরের মতো সংগঠন শিশুদের সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে এবং সাধারণ সম্পাদক রেজাউল কবীর। বক্তারা খেলাঘরের দীর্ঘ গৌরবময় পথচলা এবং শিশুদের অধিকার রক্ষায় সংগঠনের নানা সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের কথা তুলে ধরেন।