মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

Printed Edition

ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। গতকাল সকালে রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অতিরিক্ত জেলা প্রশাসকদের জন্য আয়োজিত ‘১৪তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স’ এবং উপজেলা নির্বাহী অফিসারদের জন্য আয়োজিত ‘১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে ভূমি অফিসে আসা জনগণের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইনকানুন রয়েছে যেগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রপ্ত করতে হবে। এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশকে আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে নিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে। তিনি স্বচ্ছতার সাথে এবং অত্যন্ত সুন্দরভাবে মানুষকে ভূমি সেবা দেয়ার আহ্বান জানান।

ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) মো: আব্দুর রউফ এবং অতিরিক্ত সচিব নাসরিন জাহান। তথ্য বিবরণী।