যেকোনো মূল্যে জুলাই আকাক্সক্ষাকে বাস্তবায়ন করব : মামুনুল হক

Printed Edition

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

বাংলাদেশ খেলাফত মসলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আমরা সারা দেশে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। আমরা এ দেশের আলেম সমাজ, ইসলামী দলগুলো ও দেশপ্রেমিক মানুষ জুলাই বিপ্লবকে অত্যন্ত গুরুত্ব দিই। জুলাই বিপ্লব আমাদের হৃদয়ের চেতনা। আমাদের অন্তরের বাসনা। আমরা শপথ করি, যেকোনো মূল্যে জুলাই বিপ্লবের আকাক্সক্ষাকে বাংলাদেশে বাস্তবায়ন করে ছাড়ব ইনশা আল্লাহ।

গতকাল বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা খেলাফত মজলিস আয়েজিত গণভোটের রায় বাস্তবায়ন, তেল, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মামুনুল হক আরো বলেন, এ বিপ্লবের প্রতি আমাদের আবেগের কারণ হলো এর জন্য আমাদের অনেক রক্ত দিতে হয়েছে। আপনারা জানেন, জুলাই বিপ্লব হয়েছে ২০২৪ সালে; কিন্তু এর জন্ম হয়েছিল আরো এক যুগ আগে ২০১৩ সালে শাপলা চত্বরে। সেই বুনিয়াদের ওপর দাঁড়িয়ে একের পর এক আন্দোলন হয়েছে। যার ফলে আমাদের বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে। কথায় আছে, জেলের মধ্যে জেল তার নাম সেল। সেই সেলে আমরা জীবন কাটিয়েছি। এভাবে জেল ও অনেক তাজা জীবনের মধ্য দিয়ে এসেছিল ২০২৪-এর জুলাই মাস। মাদরাসাছাত্ররা আন্দোলন করে ও জীবন দিয়ে সেই জুলাই সার্থক করেছে।

চিতলমারী উপজেলা সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- বাগেরহাট-১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, চিতলমারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা আব্দুর রহমান, নির্বাহী সদস্য হাফেজ শহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রমিজ উদ্দিন।