কূটনৈতিক প্রতিবেদক
ঢাকা এসে মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংয়েল, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ। এ ছাড়া খালেদা জিয়ার নামাজে জানাজায় ৩২টি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গতকাল বেলা সাড়ে ১১টায় এস জয়শঙ্কর বিশেষ ফ্লাইটে বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছান। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনে পৌঁছান। সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া একটি ব্যক্তিগত চিঠি তিনি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
তারেক রহমানের সাথে সাক্ষাতে ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এস জয়শঙ্কর। তিনি বলেন, আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর দুপুরে সংসদ ভবনে তারেক রহমানের সাথে দেখা করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক এবং তারেক রহমানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন। এ দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সংসদ ভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংয়েলের সাথে সাক্ষাৎ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজার আগে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়া চীনের পুরনো বন্ধু : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীনা জনগণের একজন পুরনো এবং প্রিয় বন্ধু ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।
গতকাল বেইজিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মুখপাত্র বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে চীন গভীর শোক প্রকাশ করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে চীন। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়া চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সক্রিয় প্রচেষ্টা চালিয়েছিলেন এবং দুই দেশ দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা এবং পারস্পরিক সুবিধা সমন্বিত সহযোগিতার ব্যাপক অংশীদারত্ব প্রতিষ্ঠা করেছিলেন। চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের করমর্দন : খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে সংসদ ভবনে বিদেশী অতিথিদের পাশাপাশি আসেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। তারা পরস্পরের সাথে কুশল বিনিময় করেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক করমর্দন করে কিছুক্ষণ কথা বলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এটিকে ‘ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে।
গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এই হামলার পেছনে পাকিস্তান জড়িত- এমন অভিযোগে ৭ মে ভোরে পাকিস্তানে প্রথম মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা মিসাইল ও বিমান হামলা শুরু করে। টানা চার দিন হামলা, পাল্টা-হামলা চলে। এরপর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে। এই সংঘর্ষের পর দুই প্রতিবেশী দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ঢাকায়ই প্রথমবার সরাসরি কথা হলো বলে জানিয়েছে জিও টিভি।



