ময়মনসিংহ অফিস
‘মেধা ঝরতে দেব না, অর্থের অভাব হবে না’ এ স্লোগানকে ধারণ করে প্রতি বছর এক কোটি টাকা শিক্ষা বৃত্তি প্রদান করছে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
গতকাল আসপাডা প্রশিক্ষণ অ্যাকাডেমি মিলনায়তনে মাসিক বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে বার্ষিক শিক্ষার অগ্রগতিবিষয়ক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
আসপাডার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন মো: আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা।
প্রধান আলোচক ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও আসপাডার চেয়ারম্যান মো: রুকন উদ দৌলা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও আসপাডার উপদেষ্টা মো: সাজ্জাদ হোসেন, নেত্রকোনা জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক ফারজানা পারভীন এবং আসপাডার পরিচালক সুবোধ চন্দ্র রায় ও শরীফ রায়হান।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা শিক্ষাজীবনের অগ্রগতি তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করেন আবু হানিফ মধুপুরী পীর সাহেব।



