ইউরোপের মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু হতে পারে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধের তীব্রতা ও পরিসর আরো বাড়ান, তবে ইউরোপে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা ভাবছে ইরান। ইরান সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন।

ইরান সরকারের অন্দরমহলের দু’জন ব্যক্তি ফাইন্যান্সিয়াল টাইমসকে (এফটি) বলেছেন, বুলগেরিয়ার মতো দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশগুলোতে থাকা মার্কিন সম্পদগুলোতে হামলার সম্ভাবনা বিবেচনা করছে ইরানি বাহিনী। গত মাসেই মার্কিন জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানগুলোর জন্য বেজমের বিমানঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে বুলগেরিয়া।

ওই ব্যক্তিদের একজন জানান, নতুন করে মার্কিন আগ্রাসন শুরু হলে পাল্টা হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় আছে সাইপ্রাসও। গত মার্চে সাইপ্রাসের একটি ব্রিটিশ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছিল। ওই ব্যক্তিরা আরো বলেন, যুদ্ধের তীব্রতা বাড়লে হরমুজ প্রণালীর তলদেশে পাতা সমুদ্রগর্ভস্থ ফাইবার-অপটিক ক্যাবলেও হামলার সম্ভাবনা খতিয়ে দেখেছে ইরানি বাহিনী।

ইরান সরকার ক্রমেই বিশ্বাস করতে শুরু করেছে, যুদ্ধ নতুন করে শুরু হওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

হরমুজ প্রণালী আবার চালুর আলোচনা থেমে রয়েছে। গত সপ্তাহেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শীর্ষ নিরাপত্তা ও সামরিক পদগুলোতে রদবদল করে ক্ষমতার রাশ আরো শক্ত করেছেন। অন্যদিকে মঙ্গলবার ট্রাম্পও বলেছেন, তেহরানের সাথে ‘কোনো আলোচনা বা কথাবার্তা চলছে না, এমন কোনো শিডিউলও নেই।’

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও অন্যান্য সামরিক কমান্ডাররা হুঁশিয়ারি দিয়েছেন : নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ বাধলে ইরান আগের কৌশল থেকে বেরিয়ে আসবে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক সম্পদ, জ্বালানি স্থাপনা ও অন্যান্য অবকাঠামোতে হামলার গণ্ডি পেরিয়ে এবার আরো দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তারা। আইআরজিসি বলেছে : ‘ইরানের ভূখণ্ডে হামলা চালানোর জন্য যে ঘাঁটিই ব্যবহার করা হোক না কেন, সেটাকে আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবেই ধরে নেয়া হবে। লন্ডনভিত্তিক থিংকট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের রিসার্চ ফেলো সিদ্ধার্থ কৌশল ইউরোপ ও অন্যান্য জায়গায় ইরানি ক্ষেপণাস্ত্রের এই হুমকির সম্ভাবনা সম্পর্কে বলেছেন : ‘বাস্তব, তবে সীমিত’।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে নিশানা করতে ইরান তাদের শাহাব সিরিজের মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। তবে সিদ্ধার্থের মতে, বেশি দূরত্বে গিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি চালানোর ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বেশ সীমিত। অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ইরানের পাল্টা জবাবের ধরন নির্ভর করবে ওয়াশিংটনের পদক্ষেপের ওপর।

একটি সূত্র বলেছে, ট্রাম্প যদি তার হুমকিকে সত্যি করে ইরানের অবকাঠামোতে হামলা চালান, তবে সঙ্ঘাত আরো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেয়ার পরিকল্পনা প্রস্তুত করছে তেহরান। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো একটি জাহাজে হামলা চালালেই ওয়াশিংটন ইরানের একটি সেতু কিংবা বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেবে। দ্বিতীয় সূত্রটি বলেছে, যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে ইরান নিজেদের জবাব কোনো নির্দিষ্ট সীমারেখায় ‘আটকে রাখবে না’। ওই ব্যক্তি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি সীমা ছাড়িয়ে যায়, ইরান যেকোনো মূল্যে নিজেদের রক্ষা করবে। তখন মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে ইউরোপেও আঘাত হানা হবে।’

দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ইচ্ছা ইরান আগেই দেখিয়েছে। ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরাইলের হামলা শুরুর পরের সপ্তাহগুলোতেই ওয়াশিংটন অভিযোগ তোলে, ভারত মহাসাগরে প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান, যদিও সেগুলোর কোনোটিই লক্ষ্যে আঘাত হানতে পারেনি। মার্চে তুরস্ক জানায়, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওই মাসেই সাইপ্রাসের আক্রোতিরির ব্রিটিশ বিমানঘাঁটিতে আঘাত হানে একটি ড্রোন। পশ্চিমা কর্মকর্তারা তখন সন্দেহ করেছিলেন, ড্রোনটি সরাসরি তেহরান থেকে নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের কোনো প্রক্সি বাহিনী ছুড়েছিল।

তবে সূত্রগুলো বলছে, গত মাসে জর্দানে মার্কিন ঘাঁটিতে চালানো ইরানি হামলা যাতে তিন আমেরিকান সেনা নিহত হয়েছিল তেহরানের পরিচালিত সবচেয়ে নিখুঁত দূরপাল্লার আঘাতে। এই হামলা প্রমাণ করেছে, বহু দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানার সক্ষমতা আছে তাদের।

প্রথম ব্যক্তি বলেন, ‘এটি ইউরোপের জন্যও বার্তা : তাদের ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে। সুতরাং, এই যুদ্ধে তাদের অবস্থান কোথায় হওয়া উচিত, তা ইউরোপের বুঝে নেয়া দরকার। আমাদের অবকাঠামোতে আঘাত হানার মতো বড় ভুল করলে যুদ্ধ এই অঞ্চল ছাড়িয়ে ইউরোপে পৌঁছে যেতে পারে।’ জুনে আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি গত মাসেই ভেস্তে গেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অন্তর্বর্তী চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। পাল্টাপাল্টি আক্রমণও হয়, আর ইরানি বন্দরগুলোর ওপর নতুন করে আরোপ হয় মার্কিন অবরোধ। এখনো পর্যন্ত হরমুজ খোলা বা চুক্তির কাছাকাছি পৌঁছাতে পারেনি ট্রাম্প প্রশাসন। এই অচলাবস্থায় ট্রাম্পের বিরক্তি ও ক্ষোভ বাড়ছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ডগলাস ব্যারি বলেন, ‘এ বছর ডিয়েগো গার্সিয়ায় হামলার যে চেষ্টা ইরান চালিয়েছিল, তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে দুই হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার অস্ত্র তাদের হাতে রয়েছে।’

এদিকে খোদ ইরান সরকারের মধ্যে কারো কারো আশঙ্কা, বেশি ঝুঁকি নিয়ে ফেলছে তেহরান। তবে সরকারের বড় একটি অংশ বিশ্বাস করে- যুক্তরাষ্ট্র কোনো চুক্তিই মানবে না, তাদের বিশ্বাস করা যায় না। কাজেই চূড়ান্ত কোনো নিষ্পত্তিতে ওয়াশিংটনকে বাধ্য করতে হলে তাদের ওপর আরো চড়া মূল্য চাপিয়ে দিতে হবে। এই কট্টরপন্থী শিবিরের অন্যতম শীর্ষ মুখ মোহসেন রেজাই। সাবেক এই আইআরজিসি কমান্ডারকে গত সপ্তাহেই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা পদে বসিয়েছেন খামেনি। ইরানি বিশ্লেষকদের কাছে রদবদলের বার্তা স্পট- টেকসই চুক্তির সম্ভাবনা যখন দিন দিন ফিকে হয়ে আসছে, তখন মোহাম্মাদ বাকের গালিবাফের মতো শীর্ষ মধ্যস্থতাকারীদের একপাশে সরিয়ে দেয়া হয়েছে। দ্বিতীয় সূত্রটি বলেছে, ‘ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে যে গালিবাফের সাথে চুক্তিতে না পৌঁছালে তোমাদের রেজাইয়ের মুখোমুখি হতে হবে। বার্তা হচ্ছে : ‘পাগলামি কোরো না, কারণ আমার মাথা তোমাদের চেয়েও বেশি মাথাগরম!’”

উপসাগরীয় দেশগুলোকে আবারো হুঁশিয়ারি

খালিজ টাইমস ও আলজাজিরা জানায়, মার্কিন সামরিক বাহিনীকে যেকোনো প্রকার সহায়তা না দেয়ার জন্য প্রতিবেশী দেশগুলোকে আবারো কড়া বার্তা পাঠিয়েছে ইরান। তেহরানের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সামরিক সুবিধা দিলে সংশ্লিষ্ট দেশকে ওয়াশিংটনের আগ্রাসনের শরিক হিসেবে গণ্য করা হবে।

ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদুল্লাহ বার্তা সংস্থা মেহের নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিবেশী দেশগুলোর নিরপেক্ষ থাকার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মন্তব্য করেন, স্বাগতিক সরকারের অজান্তে তাদের ঘাঁটিতে প্রচুর মার্কিন যুদ্ধবিমান এবং বিশেষ করে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার অবস্থান করা অবাস্তব। ফলে ওয়াশিংটনকে সুবিধা দেয়া রাষ্ট্রগুলোকে তেহরান সরাসরি যুদ্ধের অংশীদার বলে ধরে নেবে। এমন পরিস্থিতিতে বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন করে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তার কথা ভেবে ইরানের সাথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আবুধাবির অভিযোগ, তাদের সামুদ্রিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যদিও এই দাবিকে পুরোপুরি অসত্য বলে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল প্রতিষ্ঠান এডনকের ট্যাঙ্কারে ঘন ঘন হামলা এবং ক্ষেপণাস্ত্রের অভিযোগকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর কূটনৈতিক দূরত্ব এখন চরম পর্যায়ে।