ব্যবসায়ী মনির হত্যা মামলা

রিমান্ড শেষে ৩ আ’লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ

Printed Edition

আদালত প্রতিবেদক

জুলাই আন্দোলনের সময় ঢাকার চানখারপুলে জুট ব্যবসায়ী মো: মনির হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ করে তাদের আদালতে হাজির করেন। পরে কারাগারে পাঠানোর আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তা মঞ্জুর করেন। বিষয়টি প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ জুন আনিসুল হকের পাঁচ দিন, ২৪ সেপ্টেম্বর কামরুল ইসলামের পাঁচ দিন এবং ২০ অক্টোবর সোলাইমান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, সরকার পতনের দিনে গত বছরের ৫ আগস্ট চানখারপুলে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় গত ১৪ মার্চ নিহতের স্ত্রী রোজিনা আক্তার শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে নাম উল্লেখ করে এবং আরো ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।