বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫ শুরু আজ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৫’ শুরু হচ্ছে আজ। এই সম্মেলনে বিশে^র ৮৫টি দেশের দুই শ’ জন আলোচক, তিন শ’ জন ডেলিগেট এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন বলে আয়োজকরা জানান। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনটি ২২ থেকে ২৪ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন হিসেবে বিওবিসি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এই সম্মেলন উপলক্ষে গতকাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন সিজিএসের পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস, চিফ অব স্টাফ দীপাঞ্জলী রায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। অতিথিদের তালিকায় থাকছেন সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

জিল্লুর রহমান বলেন, বিওবিসি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ট্র্যাক-২ ডিপ্লোম্যাসি প্ল্যাটফর্ম। যেখানে পরিবর্তনশীল বিশ্বরাজনীতিকে বিশ্লেষণ করা হয়। এ বছর সম্মেলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা, আঞ্চলিক বাস্তবতা, জোট ও অংশীদারিত্বের পরিবর্তন, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি ও অভিবাসনসহ বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তিনি বলেন, বিওবিসি ২০২৫-এর মূল প্রতিপাদ্য হলো ‘রাইভালস, রাপচারস, রিএলাইন্মেন্টস। আমরা এই প্রতিপাদ্য বেছে নিয়েছি কারণ আমরা বর্তমানে গভীর পরিবর্তনের এক মুহূর্ত অতিক্রম করছি। বে অব বেঙ্গল কনভারসেশন সবসময়ই জ্ঞানসমৃদ্ধ আলোচনায় বিশ্বাস করে এসেছে। আর গণমাধ্যম সেই পরিবেশের অপরিহার্য অংশ। আমরা বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু আমরা বিশেষভাবে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথা বলছি না। বাংলাদেশের এখন প্লেয়ার হিসেবে দাঁড়ানো উচিত, দর্শক হিসেবে না। আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনের সমৃদ্ধ আলোচনা। আমরা আশা করছি যে সম্মেলনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে।’

সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, বে অব বেঙ্গল অঞ্চলটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল জনসংখ্যা ও অর্থনৈতিক গতিশীলতার একটি অনন্য কেন্দ্র। এই অঞ্চলের অভিজ্ঞতা ও নীতি-প্রয়োগগুলোকে এক জায়গায় নিয়ে আসার বিরল সুযোগ তৈরি করছে বিওবিসি।