ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষার্থীদের দ্বারা সমাজ ও মানুষ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়- সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ^বিদ্যালয়ের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী বিশাখা দত্ত এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের ১ম বর্ষের শিক্ষার্থী প্রথমা গাঙ্গুলী নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
ভিসি বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য শিক্ষার সমান সুযোগ রয়েছে। সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো মানুষ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দক্ষতা অর্জন ও যুগোপযোগী গ্র্যাজুয়েট হিসেবে প্রস্তুত হওয়ার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ না থেকে সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি ভিসি
ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে রোববার রাতে এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচি এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এতে অংশগ্রহণ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুলাহ-আল-মামুন এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান আওইয়াগি ইউ উপস্থিত ছিলেন।
আলোচনাকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে জাপানের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক ও বিজ্ঞান বিষয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।



