প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
গ্যাস সঙ্কট, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, ভুতুরে বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ ১১ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ ১১ দলীয় জোটের নেতারা। নেতারা দাবি অবিলম্বে মেনে নেয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। ঝালকাঠি প্রতিনিধি।
বড়াইগ্রামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া উচ্চ বিদ্যালয়ে ব্যাকডেটে ভুয়া বোর্ডের মাধ্যমে তিন কর্মচারীর অবৈধ নিয়োগ বাতিল ও প্রধান শিক্ষককে স্থায়ী বরখাস্ত করেছে পরিচালনা কমিটি। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। ইউএনও ও কমিটির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুলসহ কমিটি ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর নিয়ম না মেনে ব্যাকডেটে অফিস সহকারী নাজমুল হক, নিরাপত্তা কর্মী জুবায়ের কাজী ও নৈশ প্রহরী রুবেল হোসেনকে নিয়োগ দেয়। ২০২৫ সালের ৯ এপ্রিল যোগদানের পর বিষয়টি প্রকাশ পায়। মে মাসে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সত্যতা পেয়ে এডহক কমিটি প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার ও অবৈধদের হাজিরা বন্ধ করে। বিষয়টি অধিদফতরকে জানানো হয়েছে। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা।
দশমিনা নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর দশমিনা উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার জনদুর্ভোগ সৃষ্টিকারী দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: যুবায়ের ইসলাম, এনসিপি প্রতিনিধি মো: তৌহিদ সিকদার, ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: আবু সায়েম, জামায়াতের প্রচার সম্পাদক মো: সাঈদুর রহমান, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: জুয়েল আমিন প্যাদা, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো: কালাম পঞ্চায়েত, কাউন্টারম্যান মো: সোহেল জোমাদ্দার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: লিয়ার হোসেন, ছাত্র দলের সদস্যসচিব গাজী সালাউদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ। দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
বোয়ালমারীতে সাপের দংশনে ব্যবসায়ীর মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে মো: আক্কুব্বর শেখ (৩৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আক্কুব্বর শেখ উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মৃত রব্বান শেখের ছেলে। তার তিন সন্তান রয়েছে। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টায় দোকানে যাওয়ার পথে বিষধর গোখরা সাপের লেজে পা দিলে সাপ তাকে দংশন করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে এক ওঝার কাছে নিয়ে যায়। ওঝা কয়েক ঘন্টা ঝাড়ফুঁক করলেও কাজ হয়নি। এতে সময়ক্ষেপণ হয় শুধু। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় রাত ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের খালাতো ভাই মো: নাইম বিশ্বাস বলেন, ওঝার কাছে নেয়ার কারণে সময় নষ্ট হয়েছে। দ্রুত হাসপাতালে নিলে হয়তো বাঁচানো যেত। বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা।
এনডিএফের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
৩৬ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরতলী বাড়াদী ভাগাড় মোড়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে স্থানীয় সংসদ সদস্য মুফতি আমীর হামজা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন এনডিএফ সেক্রেটারি ডা: মনিরুজ্জামান মানিক, অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, মোমিনুল হক ও ইমরানুল ইসলাম। ক্যাম্পে ডা: মানিক, ডা: ফারহানা মনসুর, ডা: ওবায়দুল হক, ডা: ইমতিয়াজ মাহমুদ, ডা: শামসুল ইসলাম, ডা: ইমামুল হক ডেভিড ও ডা: রফিউর রহমান রাকিব চিকিৎসা দেন। সার্জারি, গাইনি, ইএনটি, শিশু, অর্থোপেডিক ও ডায়াবেটিসে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। অন্য দিকে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে স্মৃতিস্তম্ভে পুষ্পার্পন করেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাবউদ্দিন। কুষ্টিয়া প্রতিনিধি।
দুই দলিল লেখক সাময়িক বরখাস্ত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল দলিল লেখার অভিযোগে দুই দলিল লেখক নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুল শরীফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন তাদের বহিস্কার করেন। একই সাথে স্থায়ী বহিস্কারের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সম্প্রতি কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে জাল দলিলের অভিযোগ ওঠে। তদন্তে প্রাথমিক সত্যতা পেয়ে এই ব্যবস্থা। বহিস্কৃত মিজানুর রহমান দাবি করেন, আমেনা বেগমের কাগজপত্র তিনি নিয়মমতো জমা দিয়েছিলেন। পরে তিনি জালিয়াতি জানতে পারেন। নাসির উদ্দিন শেখও একই অভিযোগ অস্বীকার করে জবাব দেন। আমেনা বেগমকে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, সাব-রেজিস্ট্রার অফিসের কিছু দলিল লেখক ও চক্র দীর্ঘদিন জাল দলিল করছে। সাব-রেজিস্ট্রার বলেন, জাল কাগজপত্র উপস্থাপনের জন্য তাদের সাময়িক বহিস্কার ও কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা।
দুই নৌকার মাঝে পড়ে বালুশ্রমিকের মৃত্যু
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় মহাদেও নদীতে দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২১) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ ঘটনা ঘটে। রিফাত সুনামগঞ্জের মথ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের সেকুল মিয়ার ছেলে। সূত্র জানায়, সকালে রিফাতসহ শ্রমিকরা পানিতে নেমে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এ সময় আরেকটি বালুর নৌকা পাশ কেটে যাওয়ার সময় দুই নৌকার মধ্যে চাপা পড়ে রিফাত গুরুতর আহত হন। উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নেত্রকোনা প্রতিনিধি।
পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, গ্রেফতার ১
নোয়াখালী পৌরসভার মাইজদী হক ম্যানশনের ৪র্থ তলায় প্রবাসীর স্ত্রী নাঈমা আক্তারের বাসায় তিন সন্ত্রাসী প্রবেশ করে বুকে অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়। এ ঘটনায় পুলিশ আনোয়ার হোসেন টিটুকে (৩১) গ্রেফতার করেছে। তার কাছ থেকে ৫ রাউন্ড গুলির ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল, ৪০ পিস ইয়াবা, ২৭ হাজার টাকা, দু’টি মোবাইল ও দুই মটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার বিকেলে ঘটনার পর খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ওই ভবনের ৪র্থ তলায় ওঠার সময় ২য় তলার সিঁড়িতে সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। তল্লাশিতে উদ্ধার হয় উল্লেখিত সামগ্রী। নিচে সন্ত্রাসীদের দুই মটরসাইকেল জব্দ হয়। সুধারাম থানার ওসি নজরুল ইসলাম বলেন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি আইনে মামলা হয়েছে। নোয়াখালী অফিস।



