সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

সাত কোটি টাকার স্বর্ণসহ আটক ২

যশোরে সাত কোটি ৬৮ লাখ টাকা মূল্যের তিন কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি খাঁটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি ক্যাম্পের সামনে একটি প্রাইভেট কার তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। আটকরা হলো- নড়াইলের খন্দকার মাহাবুবুল হক (৪৫) ও যশোরের আনিস (৩৬)। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বাজুস কর্তৃক পরীক্ষায় স্বর্ণগুলো খাঁটি প্রমাণিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা ঢাকার ধোলাইপাড়ের চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল। যশোর অফিস।

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহিন শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার পাগলা থানার দক্ষিণ হারিণা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন ওই গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, মাহিন তার চাচাতো ভাই ফাহিমকে সাথে নিয়ে বাড়ির পাশে একটি আমগাছে উঠে বাঁশের মাথায় ব্রাজিলের পতাকা বাঁধছিল। এ সময় অসাবধানতাবশত কাঁচা বাঁশটি হেলে গিয়ে গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের উচ্চ ভোল্টেজ তারে লাগলে মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ অফিস।

অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল মদ

ফেনীর পরশুরামে রোগী বহনের ছদ্মবেশে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় দুই কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পরশুরাম-ফেনী সড়কের সমিতি রোডের পাশে অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর লুকিয়ে রাখা পাঁচটি কার্টন থেকে ১১৭ বোতল (৮৭.৭৫ লিটার) ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় দুই লাখ ৪৩ হাজার টাকা। আটককৃতরা হলো- অ্যাম্বুলেন্স চালক জসিম উদ্দিন (৫১) ও তার সহযোগী মিনহাজুর রহমান অমি (২১)। পরশুরাম মডেল থানার ওসি আশরাফুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে, যার মূল্যসহ মোট জব্দকৃত মালামালের দাম ১২ লাখ ৪৩ হাজার টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পেছনে থাকা অজ্ঞাত অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। ফেনী অফিস।

চালু হলো মাগুরা-নড়াইল সরাসরি বাস

অভ্যন্তরীণ দীর্ঘ কোন্দল ও দ্বন্দ্ব মিটিয়ে দীর্ঘ ১৫ বছর পর অবশেষে চালু হলো মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল। মাগুরা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ এবং নড়াইল জেলা বাস মালিক সমিতির যৌথ উদ্যোগে এ সেবা শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফিতা কেটে এই রুটের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে দুই জেলার মোটর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাস মালিক সমিতি জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে এখন থেকে নিয়মিত এই রুটে বাস চলবে। সরাসরি বাস চালু হওয়ায় সাধারণ যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আগে ভেঙে ভেঙে যাতায়াত করতে গিয়ে দ্বিগুণ অর্থ ও অতিরিক্ত সময় অপচয় হতো। এখন এই ভোগান্তি থেকে মুক্তি পাবে। মাগুরা প্রতিনিধি।

মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া হামজার টিলায় নিজ বাসভবনের সিঁড়ি রুমের রেলিংয়ের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত ফজল করিমের সন্তান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের ছোট ছেলে খালেদ বিন আনোয়ার জানান, তার বাবা সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গাসংক্রান্ত জটিলতা ও পাওনা নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। এ ছাড়া পরিবারে অন্য কোনো কলহ ছিল না। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।

৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

নরসিংদীর মনোহরদীতে একটি গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর ইউনিয়নের কোচেরচর বাজারের ব্যবসায়ী আবুল হোসেনের গুদামে অভিযান চালায় প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তেল মজুদকারীরা পালিয়ে যায়। এ সময় গুদাম থেকে ৪৮ ড্রাম ভর্তি সয়াবিন তেল উদ্ধার করা হয়। জানা গেছে, এই অবৈধ মজুদের সাথে রাসেল মিয়া, কাদির হোসেন, সুমন মিয়া, কামরুল ইসলাম ও সাইফুল ইসলাম নামে স্থানীয় কয়েকজন জড়িত। মনোহরদী উপজেলা সহকারী কমিশনার সজিব মিয়া জানান, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে অধিক মুনাফা লুটতে বা চুরির উদ্দেশ্যে এই তেল মজুদ করা হতে পারে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা।

ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় শুকরণ বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শুকরণ বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার মোকসেদ হাওলাদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রেল পুলিশ ও থানা পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, নিহত নারী শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিবচর (মাদারীপুর) সংবাদদাতা।

চুনারুঘাটে চলছে গ্যাস অনুসন্ধান

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম বড়াব্দা গ্রামে ভূগর্ভের গ্যাসের সম্ভাব্য সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি গ্রামের একটি স্থানে মাটির নিচ থেকে প্রাকৃতিকভাবে গ্যাস-জাতীয় পদার্থ নির্গমনের লক্ষণ দেখা দিলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি হয়। খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য মানিক মিয়া জানান, গ্যাসের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ায় দূর-দূরান্ত থেকে মানুষ স্থানটি দেখতে ভিড় করছেন। বর্তমানে সেখানে মাটির নিচে গ্যাসের পরিমাণ ও স্থায়িত্ব যাচাইয়ের জন্য প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি পরীক্ষা ও ল্যাব রিপোর্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তী খনন কাজের সিদ্ধান্ত নেয়া হবে। যদি এখানে বড় মজুদ পাওয়া যায়, তবে তা এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে ভূমিকা রাখবে। চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা।