ক্রীড়া ডেস্ক
টানা দুই টি-২০ বিশ্বকাপ জয়ী দল ভারত। সেই দলকেই যেন মাটিতে নামিয়ে আনলেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের গত পরশু ৩৪ রানে হারিয়েছে আইরিশরা। স্বাগতিকদের গড়া ১৮২ রানকে তাড়া করতে নেমে ১৪৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ম্যাথু হামফ্রিজের ফুল লেংথ বলটি উড়িয়ে লংঅন শেষ উইকেট হিসেবে আউট হন অর্শদিপ সিং। টিম টেক্টর বল মুঠোয় জমিয়ে দুই হাত ছড়িয়ে হুঙ্কার ছাড়লেন।
টানা দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণে প্রথমবার খেলতে নেমে হারের তেতো স্বাদ পেল ভারত। পূর্ণশক্তির ভারতকে হারিয়ে দিলো খর্বশক্তির আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে ১২ ম্যাচে এটিই প্রথম জয় আয়ারল্যান্ডের। এর আগে দুই দলের আটটি টি-২০ ও তিনটি ওয়ানডের সব ক’টি জিতেছিল ভারত।
চোটের কারণে জশ লিটল, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফারসহ পাঁচজন পেসারকে এই সিরিজে পায়নি আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে অভিষেক হয় দুই পেসারের। সেই দলই চমকে দিলো বিশ্ব চ্যাম্পিয়নদের।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে দুর্দান্ত বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা আইরিশ পেসার ম্যাট হলার্ড। ২৫ রানে ২টি উইকেট নেয়া ভারতীয় বংশোদ্ভূত দলটির আরেক অভিষিক্ত জয় মুন্দ্রা চমৎকার বোলিং করেন।
বেলফাস্টে গত পরশু আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। দলীয় ৫১ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে ৬৪ রানের দারুণ জুটিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক টাকার ও গ্যারেথ ডেলানি। ৩৬ বলে ৫০ রান করে ফেরেন টাকার। ডেলানি করেন ৩২ বলে ৪৯ রান। ১০ বলে ১৯ রানের ক্যামিও খেলেন ডকরেল। ৩টি উইকেট নেন হার্শিত রানা।
রান তাড়ায় দ্বিতীয় ওভারেই সাঞ্জু স্যামসনকে হারায় ভারত। আরেক ওপেনার অভিষেক শার্মা ঝড় তোলেন। প্রথম তিন ওভারে ভারতের ৪৫ রানের মধ্যে তিনি একাই করেন ১১ বলে ৩৮। তবে অন্য প্রান্তে ভারত উইকেট হারায় নিয়মিত। ফিফটির দুয়ারে গিয়ে বিদায় নেন অভিষেক। ২০ বলে ৪৯ রান করেন বাঁহাতি এই ব্যাটার। ১০০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। শেষ পর্যন্ত শিবম দুবের ২৫ ও অক্ষরের ১৫ রানের সুবাদে পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে ভারত। একই মাঠে দ্বিতীয় ম্যাচ হবে আজ মাঠে নামবে দুই দল। ভারতের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে আয়ারল্যান্ড।



