পীরগঞ্জে ভিডব্লিউবি তালিকায় নাম একজনের, চাল উত্তোলন অন্যজনের

Printed Edition

আব্দুল হাকিম ডালিম পীরগঞ্জ (রংপুর)

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী তালিকায় নাম থাকার পরও ২০ নারী চাল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ, তাদের নামে বরাদ্দ করা চাল অন্যরা নিয়মিত উত্তোলন করছেন।

স্থানীয় সূত্র ও সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়নটিতে ভিডব্লিউবি ও খাদ্যবান্ধব কর্মসূচির মোট ১৭৫ জন উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে অন্তত ২০ জনের বরাদ্দের চাল না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী এসব উপকারভোগীর প্রত্যেকের মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। ছোট রসুলপুর গ্রামের আসমা বেগম, রুমি বেগম, খষ্টি গ্রামের গোলাপি বেগম ও ববিতা রানীসহ কয়েকজন জানান, তাদের নামে চাল বরাদ্দ হয়েছে- এ তথ্য তারা সম্প্রতি জানতে পেরেছেন। পরে বরাদ্দের বিষয়ে জানতে চাইলে সদস্যরা বরাদ্দ হয়নি বলে জানান বলে অভিযোগ তাদের। স্থানীয়দের অভিযোগ, তালিকা প্রণয়ন ও খাদ্য বিতরণে অনিয়মের কারণে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন, ‘তালিকা প্রণয়নের সময় আমি দায়িত্বে ছিলাম না।’