যুব দলের কোচ হান্নান মেন্টর রিয়াদ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার। আর মেন্টর এবং ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের পরামর্শক হিসেবে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

হান্নান সরকার এর আগে যুব দলের নির্বাচকও ছিলেন। তিনি নির্বাচক থাকাকালীন ২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জেতে বাংলাদেশ। এরপর জাতীয় দলের নির্বাচক হলেও তাতে ইস্তফা দিয়ে কোচিং শুরু করেন। তার কোচিংয়ে গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আবাহনী ক্লাব। এবার যুব দলের দায়িত্ব উঠল হান্নানের হাতে। আর বোর্ডের নিয়ম অনুযায়ী, চুক্তির আওতায় থাকা কোচরা ডিপিএল ও বিপিএলের যেকোনো একটিতে কাজ করতে পারবেন।

হান্নান সরকার বলেন, ‘স্বপ্ন তো অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচ ছিলাম। ৯ বছর পর সিলেকশনে আসা। এরপর বোর্ড যখন দেশীদের প্রমোট করছে, সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা। জাতীয় নির্বাচক হওয়ারও আগেও আমি কোচিং করিয়েছি। ২০১১ সালে খেলা ছাড়ার পরও আমি তিন বছর প্রিমিয়ার লিগে কোচিং করেছি। ক্রিকেট বোর্ড যখন দেশী কোচদের অগ্রাধিকার দিচ্ছে এবং তাদের প্রমোট করছে, তখন আমার সেই পুরনো স্বপ্নটা আবার জেগে ওঠে।’